জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম
রাজধানীর পল্লবী এলাকায় সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে দুজন ব্যক্তি আহত হওয়ার ঘটনায় ল্যাংড়া রুবেল ও তার সহযোগী বাপ্পাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে বাকি গ্রেপ্তার ব্যক্তিদের নাম জানা যায়নি।
সোমবার রাতে গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ ছাড়া বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।
তারা জানিয়েছে, সম্প্রতি পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে ঢাকা মেইল নিশ্চিত হয়েছে, পল্লবীর ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, বিকেলে এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
গত ৮ আগস্ট পল্লবীর মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে আলমগীর নামে এক ব্যক্তিকে ডেকে নিয়ে গুলি করে সন্ত্রাসী রুবেল ও তার লোকজন। এ সময় রাজিয়া নামে এক নারীও আহত হন। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। সে সময় জানা যায়, আহত আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য। এ ছাড়া তিনি একজন মাছ ব্যবসায়ী।
এমআইকে/এআর