Dhaka Mail Logo

জাতীয়

দ্রুত ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম

দীর্ঘদিনেও ৯ম শিক্ষক নিয়োগ ও ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশীরা। 

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রায় তিন বছর ধরে ৯ম শিক্ষক নিয়োগ ও ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় হাজারো প্রার্থী অনিশ্চয়তা ও বেকারত্বের মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হওয়ার সুযোগ নিশ্চিত করতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবি জানান তারা।

মানববন্ধনে ৯ম শিক্ষক নিয়োগ/১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী ও চাকরিপ্রত্যাশীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় যোগ্য প্রার্থীরা হতাশ হয়ে পড়েছেন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্বের কারণে একদিকে যেমন বেকারত্ব বাড়ছে, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষক সংকট তৈরি হচ্ছে। তাই দ্রুত স্বচ্ছ ও কার্যকর নিয়োগ প্রক্রিয়া শুরু করা প্রয়োজন।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- কমিটির মাধ্যমে নয়, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগ সম্পন্ন করা; আগামী এক সপ্তাহের মধ্যে ৯ম শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, তাদের দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

৯ম শিক্ষক নিয়োগ/১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রত্যাশী সংশ্লিষ্টরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ম/এমআই