Dhaka Mail Logo

জাতীয়

ভিসা পুনর্বহালের দাবিতে প্রবাসীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট ২০২৬, ০১:২৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ও ছুটিতে বাংলাদেশে অবস্থানরত ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের বাতিল হওয়া ভিসা দ্রুত পুনর্বহাল, ভিসা নবায়ন প্রক্রিয়া সহজীকরণ এবং প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে কর্মরত অনেক বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে কিংবা বিভিন্ন জটিলতার কারণে বাতিল হয়ে গেছে। এতে অনেকে কর্মসংস্থান হারানোর আশঙ্কায় রয়েছেন। ভিসা জটিলতার কারণে আর্থিক সংকটের পাশাপাশি প্রবাসীদের পরিবারগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বর্তমান পরিস্থিতি, ভিসা-সংক্রান্ত জটিলতা, কর্মসংস্থান হারানোর আশঙ্কা, আর্থিক ও পারিবারিক সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে সরকারের চলমান কূটনৈতিক উদ্যোগ আরও দ্রুত ও কার্যকর করার দাবি জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য সংগ্রহ এবং ভিসা নবায়ন ও পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলন শেষে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের দাবির প্রতি জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে প্রবাসী কল্যাণ ভবন হয়ে বাংলাদেশ সচিবালয়ের দিকে যাওয়ার কথা রয়েছে।

সচিবালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদানের মাধ্যমে র‍্যালিটি শেষ করার কথা জানিয়েছেন আয়োজকরা।

ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের পক্ষে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার সহকারী সেক্রেটারি মো. শরিফ সংবাদ সম্মেলন ও র‍্যালির আয়োজন করেন।

এম/এমআই