Dhaka Mail Logo

জাতীয়

২৭ পিয়ারে বসছে সেটেলমেন্ট মার্কার, বদলানো হচ্ছে বিয়ারিং প্যাড

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৬, ১১:৩৫ পিএম

হাইকোর্ট বিভাগের নির্দেশনায় গঠিত সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে এমআরটি লাইন-৬-এর নিরাপত্তা ব্যবস্থায় একাধিক পদক্ষেপ নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর অংশ হিসেবে ২৭টি পিয়ার হেডে সেটেলমেন্ট মার্কার স্থাপন এবং ক্ষতিগ্রস্ত বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের কাজ চলছে। পাশাপাশি পিয়ার ও বক্স গার্ডারের ফাটল পর্যবেক্ষণে ক্র্যাক গেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়ন কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় সেফটি অডিট কমিটির সুপারিশ অনুযায়ী ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, উচ্চ আদালতের নির্দেশনায় গুরুত্ব পাওয়া পিয়ার নম্বর ৪২৩, ৪৪২, ৪৪৬ ও ৪৪৮-এ মোট ১০টি স্টিল ব্র্যাকেট স্থাপনের কাজ শেষ হয়েছে। এর মধ্যে পিয়ার নম্বর ৪৪৮-এর বিয়ারিং প্যাড স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। বর্তমানে মজুত থাকা পাঁচটি বিয়ারিং প্যাড দ্রুত প্রতিস্থাপনের কাজ চলছে। এ ছাড়া আরও ২২টি বিয়ারিং প্যাড কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থাৎ বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের মাধ্যমে সংশ্লিষ্ট পিয়ারগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পিয়ারগুলোর বসে যাওয়া বা কাঠামোগত অবস্থার পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণের জন্য ২৭টি পিয়ার হেডে সেটেলমেন্ট মার্কার স্থাপন করা হবে। এরমধ্যে পাঁচটি সেটেলমেন্ট মার্কার ইতোমধ্যে কেনা হয়েছে। বাকি সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়াও চলছে। এ ছাড়া পিয়ার ও বক্স গার্ডারের ফাটল পর্যবেক্ষণের জন্য ক্র্যাক গেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএমটিসিএল জানিয়েছে, মোট ১০২টি ক্র্যাক গেজ স্থাপন করা হবে। এর মধ্যে তিনটি ইতোমধ্যে কেনা হয়েছে। বাকি ক্র্যাক গেজ সংগ্রহের কাজ চলছে।

ফাটলের স্থায়ী সমাধানের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। পিয়ার হেড ও বক্স গার্ডারের বিভিন্ন স্থানে থাকা ফাটল বিশ্লেষণ ও মেরামতের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) কাঠামোগত পরামর্শক হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু কাঠামোগত বিষয় নয়, এমআরটি লাইন-৬-এর বৈদ্যুতিক ব্যবস্থার নিরাপত্তাতেও কাজ চলছে। ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে স্পার্কিংয়ের সমস্যা চিহ্নিত করতে প্রকৌশলী দল তদন্ত শেষ করেছে। ইনসুলেটেড ওভারল্যাপ পুনর্নির্ধারণের জন্য নকশা পরিবর্তনের কার্যক্রমও শুরু হয়েছে।

এছাড়া সব স্টেশন ও বিদ্যুৎকেন্দ্রের জলরোধী ব্যবস্থা করার কাজ দ্রুত এগিয়ে চলছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি সেবা নিশ্চিত করার জন্য বিশেষ জরুরি সেবার লাইভ টেস্টও সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নের কাজ শুধু তাৎক্ষণিক পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। কমিটির মধ্যমেয়াদি সুপারিশ বাস্তবায়নের জন্যও প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, আদালতের নির্দেশনা এবং বিশেষজ্ঞদের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনাগত সব কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে ডিএমটিসিএল।

এএইচ/আরআর