নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন কমিউটার ট্রেন চালু হয়েছে। ফলে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের ঢাকার সঙ্গে দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ট্রেনটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ে বলছে, নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব রেলসেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে কার্যকর কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি আন্তঃনগর রেলসেবা সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতার মধ্যেও দক্ষ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যেই ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন এই কমিউটার ট্রেন চালু করা হয়েছে।
নতুন এই ট্রেনের মাধ্যমে গোপালগঞ্জ ও মধ্যবর্তী এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা প্রতিদিন স্বল্প ব্যয়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন। কর্মদিবস শেষে তারা আবার নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারবেন। এতে রাজধানীমুখী স্থায়ী আবাসনের প্রবণতা কমার পাশাপাশি ঢাকার আবাসন, যানজট ও নগরসেবার ওপর চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার শাকসবজি, কৃষিপণ্য, মাছসহ বিভিন্ন স্থানীয় উৎপাদিত পণ্য দ্রুত ও তুলনামূলক কম খরচে ঢাকার বাজারে পরিবহনের সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হওয়ার পাশাপাশি উৎপাদক ও ভোক্তা উভয়েই উপকৃত হবেন।
উদ্বোধনের পর ‘অভিযাত্রী কমিউটার’-এর প্রথম যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীসহ যাত্রীরা ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৩৫ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে।
অন্যদিকে ১৩৬ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
আটটি কোচের এই ট্রেনে মোট ৬৩০টি আসন রয়েছে।
ঢাকা-গোপালগঞ্জ ১৪৮ কিলোমিটার রুটে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে সাতটি স্টেশনে।
স্টেশনগুলো হলো কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন।
তবে ট্রেনটি প্রতি শনিবার বন্ধ থাকবে বলে রেলওয়ে জানিয়েছে।
এএইচ/এএম