Dhaka Mail Logo

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু এবং বিতর্কিত ব্যবসায়ী এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করেছে ইসলামী ব্যাংক। 

বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী।

অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামে একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে বাড়ানো হয়। প্রতিষ্ঠানটির ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছিল।

পরবর্তীতে ওই ঋণের বিপুল অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। ঋণ অনুমোদন ও অর্থ উত্তোলনের পুরো প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ আছে।

অভিযোগে তৎকালীন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামও রয়েছে। এছাড়া ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ঋণ অনুমোদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা অনৈতিকভাবে ঋণ অনুমোদন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। পাশাপাশি অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’-এর অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রেখেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দুদককে জানানো হয়েছে, এই ঘটনায় চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করা হয়েছে। ওই তদন্তে ঋণ অনুমোদন এবং ঋণের অর্থ উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির তথ্য পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, ঋণ অনুমোদনের প্রক্রিয়া এবং অর্থের ব্যবহারসহ পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ব্যগুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। দুই সপ্তাহ না যেতেই তার নামে হলো দুর্নীতি ও ঋণ জালিয়াতির মামলা। 

এএইচ