জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম
অনলাইন জুয়ার ফাঁদে পড়ে রাজধানীর তুরাগে হাসান (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, অনলাইন জুয়ার মাধ্যমে একটি কিশোর গ্যাং চক্র তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়। এর জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
রোববার (৯ আগস্ট) রাতে তুরাগের ফুলবাড়ীয়া এলাকার একটি বাসা থেকে হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় মজিবর রহমানের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।
সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
নিহতের বাবা মো. নান্নু শেখ জানান, রোববার বিকেলে হাসান তার চাচা আলামিনের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। সেখানে জরুরি ৭০ হাজার টাকা প্রয়োজন বলে ওই টাকা নিয়ে চলে যান। পরে রাতে পরিবারের সদস্যরা জানতে পারেন, হাসান আত্মহত্যা করেছেন।
নান্নু শেখের অভিযোগ, আকাশ নামে এক কিশোর গ্যাংয়ের কথিত নেতা হাসানকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলেছিলেন। একপর্যায়ে ওই চক্রটি হাসানের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নেয়। পরে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে আরও টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় তাকে মারধর করে মোবাইল, টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
নিহতের বাবা আরও জানান, সোমবার সকালে হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন বাসিন্দা কিশোর গ্যাংয়ের কথিত ‘আকাশ বাহিনীর’ তিন সদস্যকে আটক করেন। তাদের কাছ থেকে হাসানের আইফোন উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে কথিত গ্যাং লিডার আকাশ পালিয়ে গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন নান্নু শেখ।
তবে পরিবারের এসব অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওসি বলেন, অনলাইন জুয়া নাকি অন্য কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন, পরিবারের পক্ষ থেকে পুলিশকে তা জানানো হয়নি। এ ছাড়া এলাকাবাসীর হাতে তিনজন আটকের বিষয়েও আমরা কিছু জানি না। এ ধরনের কোনো অভিযোগও এখন পর্যন্ত পাইনি।
এমআইকে/জেবি