জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম
বৃক্ষমেলার অনুমতি নিয়ে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে (ভিক্টোরিয়া পার্ক) বাণিজ্যিক মেলা বসানো হয়েছে। এ কারণে পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (৯ আগস্ট) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসি জানায়, পার্কের অভ্যন্তরে অননুমোদিত বসানো বাণিজ্যিক মেলা সম্পূর্ণভাবে উচ্ছেদ করার জন্য রোববার রাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
বৃক্ষমেলার অনুমতি নিয়ে বাণিজ্যিক মেলা বসানোর কারণে পার্কে আগত দর্শনার্থী ও স্থানীয় সাধারণ জনগণের চলাফেরা, বসা এবং হাঁটার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল।
ডিএসসিসি জানায়, বেধে দেওয়া সময়সীমার মধ্যে অননুমোদিত মেলার দোকান না সরিয়ে ফেললে আগামীকাল সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
ডিএসসিসি আরও জানায়, জনস্বার্থ রক্ষা ও নগরীর উদ্যানগুলোর সার্বিক পরিবেশ সুন্দর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএম/