জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম
ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের অবশেষে ৪০ ঘণ্টা পর ফিরিয়ে আনা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিজি-৩০৬ ফ্লাইটটি ২৪৭ জন যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
তিনি জানান, আজ দুপুর ১২টা ৩০ মিনিটে বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। এর আগে রোমের সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
গত শুক্রবার সকাল থেকে কানাডাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট গ্রাউন্ড ঘোষণা করে। পরে যাত্রীদের টানা প্রায় দুই দিন সেই বিমানবন্দরের ভেতরেই রাখা হয়েছিল।
তার আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে বিমানটি ঢাকা থেকে রোমের উদ্দেশে ছেড়ে যায়। পরদিন শুক্রবার সকাল ৭ টা ২০ মিনিটে সেখানে পৌঁছানোর পর থেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
ফ্লাইট থেকে যাত্রীদের নামানো হলেও দেশটির কর্তৃপক্ষ তাদের হোটেলে নেওয়ার অনুমতি দেয়নি। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। মিডিয়ায় লেখালেখির পর গতরাতে যাত্রীদের হোটেলে নেওয়া হয়। পরে ফ্লাইটে তোলা হয়।
এমআইকে/এএইচ