Dhaka Mail Logo

জাতীয়

রোমে আটকে পড়া যাত্রীদের খোঁজখবর রাখা হচ্ছে: বিমান প্রতিমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ আগস্ট ২০২৬, ১১:২৬ পিএম

ইটালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানাডাগামী ফ্লাইট গ্রাউন্ড হওয়ার পর আটকে পড়া যাত্রীদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। 

শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর জলসিড়ি গলফ ক্লাবে এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্টের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 

এসময় প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে একশত যাত্রীকে বিমানবন্দর থেকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। বাকিদের লাউঞ্জে রাখা হয়েছে। অসুস্থ, বয়স্ক, শিশুদের বিশেষ টেককেয়ার, ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। 

তিনি বলেন, দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে এয়ারপোর্টে খোঁজ খবর রাখছেন। ইঞ্জিনিয়াররা উড়োজাহাজের মেরামত কাজ শুরু করেছেন।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে টরেন্টোগামী বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি ইটালির রোমে শুক্রবার সকালে পৌঁছায়। এরপর সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গ্রাউন্ড ঘোষণা করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। যাত্রীরা সেদিন থেকে এয়ারপোর্টের ভেতরে অবস্থান করছিলেন। রোম এয়ারপোর্ট এর ভেতরে অবস্থানকারী যাত্রীদের মধ্যে নারী শিশু বৃদ্ধরাও আছেন। এখন তাদের পর্যায়ক্রমে হোটেলে নেওয়া হচ্ছে। 

এমআইকে/ এজে