Dhaka Mail Logo

জাতীয়

ঢাকায় তরুণ উদ্ভাবকদের নিয়ে প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম

পারমাণবিক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে তরুণদের আগ্রহ বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে তরুণ উদ্ভাবকদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা। 

শনিবার (৮ আগস্ট) রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেসের অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পারমাণবিক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহী তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকেরা অংশ নেন। 

দিনব্যাপী আয়োজনে উদ্বোধনী পর্ব, ‘সীমান্তের ওপারে’ শীর্ষক আলোচনা, প্রযুক্তিগত ও প্রকল্প উপস্থাপনা, পোস্টার প্রদর্শনী এবং সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ ও উদ্ভাবন কর্মকর্তা ড. সৈয়দ মোহাম্মদ হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আলী জুলকারনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি তরুণদের উদ্ভাবনী ধারণা, গবেষণা ও প্রকল্প উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিতে সৃজনশীলতা, জ্ঞান বিনিময় এবং পারমাণবিক বিজ্ঞান ও উদীয়মান প্রযুক্তির প্রতি তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এ আয়োজন ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউসের অংশগ্রহণ তরুণদের বৈজ্ঞানিক শিক্ষা ও উদ্ভাবনে প্রতিষ্ঠানটির অব্যাহত সমর্থনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদারের আগ্রহের প্রতিফলন বলে আয়োজকরা জানান।

সমাপনী পর্বে প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণ উদ্ভাবকদের সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

এসএইচ/এএইচ