Dhaka Mail Logo

জাতীয়

চট্টগ্রামের বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ সহায়তা

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম

চট্টগ্রাম ও বান্দরবানের দুর্গম বন্যাকবলিত মানুষের চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশের পাবজি মোবাইল স্ট্রিমার্স কমিউনিটি। সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর সহযোগিতায় ‘রিভাইভ স্কোয়াড’ব্যানারে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হলে বহু পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসেবার তীব্র সংকটে পড়ে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত সংগঠিত হন দেশের পাবজি মোবাইল গেমার ও কনটেন্ট নির্মাতারা।

উদ্যোগের অংশ হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে একটি বিশেষ ফান্ডরেইজিং লাইভ স্ট্রিমের আয়োজন করা হয়। এতে অংশ নেন সিনিস্টার, রাউডি, ডেথস্ট্রম, টাইমবার্নার গেমিং, টুকটুকি, নাঈম, অ্যাপোলো গেমিং এবং তরুণদের মাঝে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই। দেশজুড়ে দর্শক ও তরুণ গেমারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগৃহীত পুরো অর্থ প্রদান করা হয় বন্যার্তদের ত্রাণ তহবিলে।

2

সংগৃহীত অর্থের মাধ্যমে দুইদিন বান্দরবানের দুর্গম বালাঘাঁটা ও রোয়াংছড়ি এলাকায় দুটি বিশেষ ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে ফুটস্টেপস বাংলাদেশ। ক্যাম্পগুলোতে ৫০০ জনেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন এবং ফার্স্ট এইড কিট প্রদান করা হয়।

ফুটস্টেপস বাংলাদেশের প্রতিনিধিরা জানান, পাহাড়ি ঢলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ছিল মূল চ্যালেঞ্জ। তবে স্বেচ্ছাসেবক ও চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় অবহেলিত মানুষের নিকট প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

আয়োজকরা জানান, 'রিভাইভ স্কোয়াড'-এর এই উদ্যোগ প্রমাণ করেছে যে কেবল বিনোদন নয়, ভার্চ্যুয়াল জগতের গেমাররাও বাস্তব জীবনের সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতেও অন্যান্য মানবিক কার্যক্রমে অনুপ্রেরণা জোগাবে।

বিইউ/এএম