জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮ আগস্ট ২০২৬, ০২:১৫ এএম
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডে ঘটনায় সাবেক কাউন্সিলর বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, এজাহারভুক্ত আসামি না হলেও বিল্লাল হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়ায় বৃহস্পতিবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, একই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে এ হত্যায় প্রধান অভিযুক্ত রমনা থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়নি। তিনি আগাম জামিনে আছেন।
উল্লেখ্য, ৮ জুন রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে সালিশ বৈঠকের মধ্যে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় পরদিন একটি মামলা হয়।
এমআইকে/ এমএইচআর