Dhaka Mail Logo

জাতীয়

ফেরদৌসীর নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামের নামকরণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট ২০২৬, ০৯:০৮ পিএম

রোহিঙ্গা সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রয়াত অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসী শাহরিয়ার রীতার নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামের নামকরণের ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুরের একটি হোটেলে ফেরদৌসী শাহরিয়ার রীতার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে স্থবির হয়ে থাকা রোহিঙ্গা সংকটকে নতুন করে বৈশ্বিক আলোচনায় আনতে এবং এ বিষয়ে আন্তর্জাতিক যোগাযোগ জোরদারে ফেরদৌসী শাহরিয়ার রীতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেশের কূটনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, অতিরিক্ত সচিব একেএম শহীদুল ইসলাম, বিচারপতি রাজ্জাক আল জামিল, মোহনা টেলিভিশনের সিইও তসলিম চৌধুরীসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, সহকর্মী, স্বজন এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে প্রয়াত কর্মকর্তার পিতা শফিকুল ইসলাম উপস্থিত সবার কাছে তাঁর মেয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফেরদৌসী শাহরিয়ার রীতার পেশাগত দক্ষতা, মানবিকতা এবং দেশের পররাষ্ট্রনীতিতে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের কূটনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এসএইচ/এএম