Dhaka Mail Logo

জাতীয়

সময়সূচি না জানায় জুলাই জাদুঘরে এসে বিপাকে দর্শনার্থীরা

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

অনেকেই জানেন না রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর খোলার সময়। দেখতে এসে বিপাকে পড়েছেন দর্শনার্থীরা।

শুক্রবার (৭ আগস্ট) সকাল থেকে ঢাকার শেরে বাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘর (সাবেক গণভবন) দেখতে আসেন। এসে কেউই ভেতরে প্রবেশ করতে পারেননি।

জানা গেছে, কোনো বিজ্ঞপ্তি কিংবা প্রচার ছাড়াই শুক্রবারে জাদুঘর প্রবেশের সময় বিকেল তিনটা থেকে করা হয়েছে।

এর আগে ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়। এই দুপুর দুইটা ১৫ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা ও সাংবাদিকবৃন্দ জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে পারেন।

জুলাই জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ০৬ আগস্ট ২০২৬ তারিখ থেকে যথারীতি সকাল ১১টা থেকে বিকাল ০৫টা ৩০ মিনিট পর্যন্ত অনলাইন/অফলাইনে টিকিট ক্রয় সাপেক্ষে জাদুঘর পরিদর্শনের জন্য অনুরোধ করা হলো।

ঢাকার মিরপুর থেকে জুলাই স্মৃতি জাদুঘর দেখতে এসেছে বেসরকারি চাকরিজীবী আব্দুল মতিন। জানতে চাইলে তিনি ঢাকা মেইলকে বলেন, আজকে ছুটি দিন ছেলে-মেয়েকে নিয়ে জাদুঘর দেখতে এসেছি। এসে দেখি জাদুঘর বন্ধ, বন্ধ জানলে এখন আসতাম না। বিকেলে আসতাম। প্রতিদিন সময়ও পাওয়া যায় না। আজকে সাপ্তাহিক ছুটি এবং কোনো কাজ ছিল না। যার কারণে এসেছি, কিন্তু এসে হতাশ হলাম।

ডেমরা থেকে জাদুঘর এসেছেন রায়হান আলী। তিনি বলেন, আগে থেকে জুলাই জাদুঘরের পোর্টালে জানানো উচিত ছিল, আজকে কোনো সময় খোলা থাকবে। গণমাধ্যম কিংবা কোনোভাবেই জানানো হয়নি। এসে দেখি এমন অবস্থা।

এসএইচ/এএস