জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৬, ০৭:১৩ এএম
রাজধানীর বনানী এলাকায় মশাল মিছিলের সময় ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। সংগঠনটির দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বনানীর নৌবাহিনী সদর দফতরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
বনানী থানার ডিউটি কর্মকর্তা (এসআই) আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা ওয়ালিদ ইসলাম নাঈম জমাদার বলেন, তারা বনানী থেকে উত্তরের দিকে যাচ্ছিলেন। এ সময় নৌবাহিনী সদর দফতরের সামনের সড়কে কয়েকজনকে মশাল মিছিল করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যান।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বনানী পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় থানার তদন্ত কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মশাল মিছিল করে নাশকতার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিলটি ছত্রভঙ্গ করে। পরে ঘটনাস্থল থেকে মশাল ও আওয়ামী লীগের একটি ব্যানারসহ ছয়জনকে আটক করে বনানী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআইকে/এআরএম