Dhaka Mail Logo

জাতীয়

ফুটপাত ক্ষতিগ্রস্ত, নিউ রান্নাঘরকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

রাজধানীর ফুটপাত, সড়ক ও অন্যান্য নগর অবকাঠামো সংরক্ষণে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় কলাবাগান এলাকায় সিটি করপোরেশনের ফুটপাত ক্ষতিগ্রস্ত করার দায়ে ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’কে দুই লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোডের ৬৭ নম্বর ভবনে অবস্থিত নিউ রান্নাঘর রেস্টুরেন্টের সামনে নির্মিত ফুটপাত ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম সরেজমিন পরিদর্শনের সময় নজরে আসে। পরে বিষয়টি তদন্তে প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে। পরিদর্শনে দেখা যায়, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কার্যক্রমের কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্মিত সিসি টাইলসের ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পথচারীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ডিএসসিসির মতে, এ ধরনের কর্মকাণ্ড ‘ঢাকা মহানগরীর সড়ক খনন নীতিমালা-২০১৯’-এর পরিপন্থী এবং জনস্বার্থবিরোধী।

প্রকৌশল বিভাগের মূল্যায়নে ক্ষতিগ্রস্ত ফুটপাতের দৈর্ঘ্য ১৩ দশমিক ৭২ মিটার, প্রস্থ ৩ দশমিক ৬৬ মিটার এবং মোট আয়তন ৫০ দশমিক ২২ বর্গমিটার পাওয়া গেছে। নির্ধারিত দর অনুযায়ী ক্ষয়ক্ষতির মূল বিল নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৮ হাজার ৭৯৫ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত করে মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা।

ডিএসসিসি জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সিটি কর্পোরেশনের সড়ক খনন তহবিলে ওই অর্থ জমা দিয়ে তার প্রমাণপত্র দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইন এবং প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে একই অভিযানে কলাবাগানের মিরপুর রোডে অবস্থিত গ্রীণ ল্যান্ডমার্ক টাওয়ার এবং ল্যাবএইড আইকনিক ডায়াগনস্টিক ভবনের সামনে নির্মিত র‌্যাম্প, গেটওয়ে ও প্ল্যান্টার নির্মাণের যথাযথ অনুমোদন রয়েছে কি না, তা জানতে ভবন মালিকদের পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসি জানিয়েছে, ফুটপাত, সড়ক, ড্রেন ও অন্যান্য নগর অবকাঠামো জনগণের সম্পদ। ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা কিংবা অননুমোদিত কার্যক্রমের মাধ্যমে এসব সরকারি সম্পদের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগর অবকাঠামো সংরক্ষণে ভবিষ্যতেও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে এবং ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/এএম