Dhaka Mail Logo

জাতীয়

জুলাই শহীদদের ত্যাগে নতুন বাংলাদেশ পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম

জুলাই শহীদদের ত্যাগে ও অবাধ নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

তিনি বলেন, ‘যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই ত্যাগের ধারাবাহিকতায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে সক্ষম হয়েছে।’

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ দিবস’ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ১৭ বছরের দীর্ঘ আন্দোলনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের সহকর্মী, ভাই-বোনেরা অকাতরে সংগ্রাম করেছেন। আজকে আমরা যে সরকার গঠন করতে পেরেছি, তা তাদেরই মহান ত্যাগের ফসল।’

নিজের রাজনৈতিক কর্মপন্থা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমি নীরব ও নিভৃতে নান্দাইলের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। ফ্যাসিবাদের কঠিন সময়ে যখন কেউ নান্দাইলে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার সাহস পায়নি, তখন আমি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘১৭ বছরের যুদ্ধে অনেকে কারাবরণ করেছেন, অনেকে জুলুম-নির্যাতন সহ্য করেছেন এবং অনেকে মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রামের বীজ রোপণ করেছিলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তার ঐতিহাসিক ফলাফল অর্জিত হয়েছে। আজ সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো।’

সভায় তথ্য প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তালিকাভুক্ত জুলাই শহীদ পরিবারকে আগামী দুই মাসের মধ্যে আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া শহীদ পরিবারের সদস্যদের বাড়িতে আগামী সাত দিনের মধ্যে নলকূপ (টিউবওয়েল) স্থাপন করা হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। এছাড়া নান্দাইলের শহীদ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’ দেওয়া হবে বলেও জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নান্দাইলের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল ও মাদরাসার উন্নয়ন কাজের প্রতিনিয়ত খোঁজ রাখা হচ্ছে এবং এগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।’

নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন শহীদ জুবায়ের ইসলামের ছোট ভাই মোহাম্মদ আলী, শহীদ হুমায়ুন কবিরের বড় ভাই মোহাম্মদ আলী, জুলাই যোদ্ধা শেখ সাদী, জুলাই যোদ্ধা রানা হোসেন, ছাত্রদল নেতা পিয়াস হোসেন, যুবদল নেতা হাকীকুজ্জাম নওফেল এবং জুলাই আন্দোলনের সমন্বয়ক ছাত্রনেতা সাইফুল ইসলাম শাহীন।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, নান্দাইল উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কে. এম. আবদুল্লাহ আল মামুন এবং নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদের।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যগণ, সংবর্ধিত জুলাই যোদ্ধাবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সিভিল প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এএইচ