নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা বলেছেন, ‘যারা এই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দিয়েছেন, তাদের এই ক্ষতি পূরণ করার কোনো শক্তি আমাদের নেই। তাদেরকে আমরা আর কখনো ফিরে পাব না।’
বুধবার (৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ড. জিন্নাত রেহানা বলেন, ছাত্রসমাজ ও আপামর জনসাধারণ একটি সুন্দর, বৈষম্যহীন এবং পরিবর্তিত সমাজ দেখার আশায় রাজপথে নেমে এসেছিল। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন ও নতুন রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে আমি এই গণঅভ্যুত্থান বিস্ময়ের দৃষ্টিতে প্রত্যক্ষ করেছি।
ইতিহাসের নানা অধ্যায়ে ছাত্রদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের এই অর্জন কেবল আজকের নয়। যুগ যুগ ধরে বাঙালি জাতি প্রমাণ করেছে তাদের সাহসিকতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সালাম, রফিক, জব্বার, বরকতসহ অনেকেই নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, যার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্বস্বীকৃতি অর্জিত হয়েছে। একইভাবে ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধেও ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিল। তারা বারবার প্রমাণ করেছে যে তারা পারে এবং তারা তা অর্জন করে দেখিয়েছে।
সরকারি কর্মচারীদের দায়িত্ব ও সংবিধানের প্রতি অনুগত থাকার আহ্বান জানিয়ে ড. জিন্নাত রেহানা বলেন, ‘জনগণের সেবা করার জন্য রাষ্ট্র আমাদের ম্যান্ডেট দিয়েছে। সংবিধানে স্পষ্ট বলা হয়েছে, সর্বস্তরের জনগণের সেবা করা প্রজাতন্ত্রের নিয়োজিত কর্মচারীদের একান্ত বাধ্যবাধকতা। ছাত্র-জনতা আমাদের যে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার দায়িত্ব দিয়েছে, আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করব।’
আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচ/এএইচ