নিজস্ব প্রতিবেদক
০৪ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম
গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দুটি পৃথক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং তারেক সাঈদকে আগামী ১০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এই দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট দুটি অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে তাদের ট্রাইব্যুনালে হাজির করার আবেদন জানানো হয়।
আসামিদের বিরুদ্ধে প্রথম অভিযোগটি ২০১৩ সালের ১৫ ডিসেম্বরের একটি ঘটনা নিয়ে। ওইদিন লক্ষ্মীপুরের তিন বিএনপি নেতা— আব্দুল মান্নান, জহিরুল ইসলাম সুমন এবং আসাদুজ্জামান বাবুলকে আটক করার পর কথিত ‘ক্রসফায়ারের’ নামে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ আনা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে একে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় অভিযোগটি ২০১৩ সালের ২৭ নভেম্বরের। কুমিল্লার লাকসামের দুই বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।
প্রসিকিউশনের দাবি, এই গুমের ঘটনার পেছনে আসামিদের প্রত্যক্ষ ভূমিকা ও পরিকল্পনা ছিল।
শুনানি শেষে প্রসিকিউটর জি এইচ তামিম বলেন, ‘গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধের শামিল। প্রাথমিক তদন্তে জিয়াউল আহসান ও তারেক সাঈদের সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা তাদের ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করেছিলাম। আদালত তা মঞ্জুর করে আগামী ১০ আগস্ট তারিখ ধার্য করেছেন।’
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক এবং সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ র্যাব-১১ এর সাবেক অধিনায়ক।
তারেক সাঈদ এর আগে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। আর জিয়াউল আহসান জুলাই আন্দোলন পরবর্তী সময়ে মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
আগামী ১০ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করার পর এসব মামলায় তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে।
আরএনবি/এএম