Dhaka Mail Logo

জাতীয়

টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬, ০৩:১৫ পিএম

দেশের পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত বা বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে একদল বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় সভায় এই আশ্বাস দেন সরকারপ্রধান।

দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বৈঠককালে তারা দেশের পানি খাতের বিদ্যমান সমস্যা, অবকাঠামোগত ও নীতিগত সীমাবদ্ধতা এবং তা উত্তরণের কার্যকর উপায় নিয়ে নিজস্ব অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন।

বিশেষজ্ঞরা দেশের পানি ব্যবস্থাপনা উন্নত করতে দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বিবেচনায় রেখে সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় সারাদেশের খাল পুনরুদ্ধার, নদী রক্ষা ও বাঁধের স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিতকরণ, উন্নত নগর ড্রেনেজ ব্যবস্থা তৈরি, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানিকে সঠিকভাবে কাজে লাগানোর মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

একইসঙ্গে দেশের দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে একটি পরিকল্পিত, সমন্বিত ও সুসংগঠিত নগর পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিশেষজ্ঞদের বক্তব্য ও মতামত মনোযোগের সঙ্গে শুনে দেশের পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন।

বিশেষজ্ঞদের পক্ষে সভায় অংশগ্রহণ করেন ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফাসবীর এস্কান্দার, সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার, উপ-পরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসান।

বিইউ/এএইচ