Dhaka Mail Logo

জাতীয়

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের তথ্য চাইল সরকার

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬, ০২:১৫ পিএম

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ করলে প্রথমেই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করতে হবে। অভিযোগ গ্রহণে কর্তৃপক্ষ অস্বীকৃতি জানালে বা যথাযথ প্রতিকার না মিললে সেই বিষয়টিও সরকারকে জানাতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘অতিরিক্ত বিল নিয়ে অতীতেও অভিযোগ এসেছে। সেসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই কোথায়, কী ধরনের সমস্যা হয়েছে, তা নির্দিষ্টভাবে তুলে ধরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে পারবে।’

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি জ্বালানি উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। জ্বালানি মন্ত্রণালয় অতিরিক্ত বিলসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে আগ্রহী। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে বিদ্যুৎ বিভাগও জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে গ্রাহকদের প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। একই সঙ্গে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়া অতিরিক্ত বিল নিয়ে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিভাগটি।

এমআর/এমআই