Dhaka Mail Logo

জাতীয়

ঢাকায় খতমে নবুওয়াত কনফারেন্স শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

রাজধানীর আফতাবনগরে আগামী শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খতমে নবুওয়াত কনফারেন্স’। খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নুমানী।

মঙ্গলবার (৪ আগস্ট) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আফতাবনগর মাদরাসা প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য আল্লামা হাসান মাহমুদ রাজস্থানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

সংগঠনের নায়েবে আমির ও আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ আলী কাসেমীর তত্ত্বাবধানে আয়োজিত এ কনফারেন্সে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।
কনফারেন্স সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন মুফতি মুহাম্মদ আলী কাসেমী ও বাস্তবায়ন কমিটির সদস্যরা। একই সঙ্গে দেশের সর্বস্তরের আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী এবং তৌহিদী জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থেকে কনফারেন্স সফল করার আহ্বান জানানো হয়েছে।

এমআর/এমআই