Dhaka Mail Logo

জাতীয়

মেট্রোরেলের প্রতিটি স্টেশনে বসছে স্ক্যানার ও মেটাল ডিটেক্টর

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬, ১২:৩৩ এএম

সম্প্রতি বিস্ফোরক আতঙ্কের ঘটনাবলীর পর মেট্রোরেলের যাত্রী ও স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিটি স্টেশনে পর্যায়ক্রমে স্ক্যানার মেশিন ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা হবে। প্রতিটি স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের নির্ধারিত নিরাপত্তা গেট ব্যবহার করতে হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করতে হবে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, সবার নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সামান্য সহযোগিতাই বড় অবদান রাখতে পারে। তাই যাত্রীদের সারিবদ্ধভাবে নির্ধারিত নিরাপত্তা গেট ব্যবহার করে স্টেশনে প্রবেশ এবং দায়িত্ব পালনরত এমআরটি পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া স্টেশন বা ট্রেনে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু কিংবা অনাকাঙ্ক্ষিত কিছু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে দায়িত্বে থাকা এমআরটি পুলিশ বা নিরাপত্তাকর্মীদের জানাতে অনুরোধ করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেল দেশের গুরুত্বপূর্ণ গণপরিবহন অবকাঠামো এবং এটি সবার সম্পদ। তাই যাত্রীদের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।

এএইচ/এফএ