জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম
রাজধানীর কলাবাগানের কাঠালবাগানে ৫৫/২ নম্বর সড়কের একটি বাসায় পারিবারিক কলহের যে ধরে স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় একমাত্র আসামি করা হয়েছে জামাতা হৃদয় হাসান শিপনকে (২৫)।
গতকাল রোববার সকালে কথা কাটাকাটির জের ধরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করে জামাই শিপন। পরে নিজে থানায় গিয়ে তাদেরকে খুনের কথা পুলিশকে জানান। এরপর পুলিশ তাকে আটক করে। সেই বাসায় গিয়ে প্রথমে মেয়ের এবং হাসপাতাল থেকে মায়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
সোমবার (৩ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি ফজলে আশিক।
তিনি বলেন, স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। রোববার বিকেলে নিহত রাত্রীর বাবা ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনি জামাই শিপনকে একমাত্র আসামি করেছেন। মামলার পর শিপনকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে৷
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পারিবারিক কলহ ও গ্রেফতারকৃত জামাই শিপনের সঙ্গে নিহত রাত্রীর বনিবনা হতো না। ফলে পারিবারিক কলহ লেগে থাকতো।
এর আগে সকাল ৯টার দিকে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। সেই জের ধরে স্বামী শিপন ফল কাটার চাকু দিয়ে স্ত্রী ফারজানা আক্তার রাত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় পাশে থাকা শাশুড়ি ফিরোজা এগিয়ে আসলে তাকেও কোপান। এতে শাশুড়ি গুরুতর আহতন হন। পরে তিনি বাসা থেকে বের হয়ে সোজা থানায় যান। এরই মাঝে বাড়ির বাইরে থাকা শ্বশুর খবর পেয়ে ছুটে এসে দেখতে পান যে, স্ত্রী মেঝেতে শুয়ে আছেন। পুরো মেঝে রক্তে ভিজে গেছে। পাশে তার স্ত্রী ফিরোজা কাতরাচ্ছেন। এরপর তিনি দ্রুত আহত স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এরপর চিকিৎসক দেখে ফিরোজাকে মৃত ঘোষণা করেন।
এমআইকে/এআর