Dhaka Mail Logo

জাতীয়

হামলার শিকার ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম

উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলার ঘটনা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জাহাঙ্গীর হোসেন। 

এ সময় তাদের উপস্থিতিতেই গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকজন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে আটক করে।

রোববার (২ আগস্ট) দুপুরে ডিএনসিসির অঞ্চল-৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএসে এ ঘটনা ঘটে।

2

জানা যায়, সকালে এসটিএসে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে চারজন গুরুতর আহতসহ অন্তত ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ওই হামলার ঘটনা পরিদর্শনে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের এমপি জাহাঙ্গীর হোসেন, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ সদস্যরা। এসময় পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষের আবারও বাকবিতণ্ডা ও দুর্ব্যবহার শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

3

একপর্যায়ে প্রশাসক ও এমপির সামনেই গার্মেন্টস মালিকপক্ষের লোকেরা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে আটক করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নকর্মীদের খোঁজখবর নেন। এসময় প্রশাসক বলেন, ‘হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

4

পরিচ্ছন্নকর্মীদের অভিযোগ, এসটিএসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গার্মেন্টস মালিকপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে তাদের ওপর হামলা চালানো হয়। পরে ঘটনাটি পরিদর্শনে গেলে আবারও হামলার ঘটনা ঘটে।

এএইচ/এএইচ