Dhaka Mail Logo

জাতীয় / সারাদেশ

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল 

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম

বর্তমান বিএনপি সরকার দেশে ন্যায়বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘একটি দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এর ফলে দেশে নতুন একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হলো একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা।’

2

তিনি বলেন, ‘গণতন্ত্র যদি সঠিকভাবে পরিচালিত হয় এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে, তাহলে রাষ্ট্রের অন্যান্য সমস্যারও সমাধান সম্ভব। আমরা যদি শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি এবং বিচার বিভাগকে প্রভাবমুক্ত রেখে প্রকৃত অর্থে ন্যায়বিচার নিশ্চিত করতে সক্ষম হই, তাহলে দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘প্রশাসনকে যদি দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা যায়, তাহলে রাষ্ট্র আরও শক্তিশালী হবে। একইসঙ্গে জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে কার্যকর ও সক্রিয় করতে পারলে গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে।’

এসময় তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএইচ