Dhaka Mail Logo

জাতীয়

‘শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

সড়ক পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার, সুষ্ঠু কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

শনিবার (১ আগস্ট) সারাদেশের শ্রমিক নেতাদের অংশগ্রহণে রাজধানীর পুরানা পল্টনে হোটেল প্রিতমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান।

আব্দুর রহিম বক্স দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সড়ক পরিবহন শ্রমিকদের পেশাগত সংকট, ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং চলমান বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, ‘সড়ক পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টরা প্রতিশ্রুতিবদ্ধ।’

তার পরামর্শ, ‘শ্রমিক-মালিকের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতকে আরও আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে হবে।’

শিমুল বিশ্বাস জানান, শ্রমিকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। একইসঙ্গে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা, নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে শ্রমিক, মালিক এবং সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিক নেতারা কর্মক্ষেত্রের নানা সমস্যা, সড়ক নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণমূলক সুবিধা এবং পরিবহন খাতের বিদ্যমান সংকট তুলে ধরেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সজিব আলী, মোহাম্মদ হানিফ, জেনারেল ইসলাম, আব্বাস উদ্দিন, আবুল কাশেম, জোবায়ের জাকির, মো. মুসা, আব্দুল আলিম, বালা মিয়া, হাজি শাহজাহান, হাজি ময়নুল ইসলাম, রবিউল ইসলাম, আবু সরকার, ফিরোজ খান, আব্দুল বারিক, মমিনুল ইসলাম লাভলু, নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা ও হাসান মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. হুমায়ুন কবির খান বলেন, ‘শ্রমিকদের ঐক্য, সাংগঠনিক শক্তি এবং আলোচনার মাধ্যমেই তাদের অধিকার প্রতিষ্ঠা ও চলমান সমস্যার কার্যকর সমাধান সম্ভব।’

সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা পরিবহন খাতের সংকট নিরসন, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ এবং খাতের সার্বিক উন্নয়নে এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাসের ভূমিকার প্রশংসা করেন। 

পাশাপাশি ভবিষ্যতেও তার (শিমুল বিশ্বাস) নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন শ্রমিক নেতারা।

এএইচ