নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে আন্ডারওয়্যারের ভেতরে লুকিয়ে আনা প্রায় এক কোটি টাকার স্বর্ণ উদ্ধারসহ আরব আমিরাত থেকে আসা এক ভারতীয় যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।
শনিবার (১ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২৬ নম্বর ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি।
গ্রিন চ্যানেল অতিক্রম করার পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে শনাক্ত করে। পরে দেহ তল্লাশি চালিয়ে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুল সদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধার হওয়া স্বর্ণজাত পদার্থের ওজন ৪৫৫ গ্রাম পাওয়া গেছে। বর্তমানে স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রমও চলমান রয়েছে।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এমআর/এএইচ