Dhaka Mail Logo

জাতীয়

র‌্যাবের ‘আয়নাঘর’ ঘুরে দেখলেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন দল

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত আলোচিত বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও প্রসিকিউশন দল।

শনিবার (১ আগস্ট) সকালে তারা ঘটনাস্থলে গিয়ে বন্দিশালার বিভিন্ন কক্ষ, অবকাঠামো ও সংশ্লিষ্ট স্থাপনা ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় বিচারক ও প্রসিকিউশন দল বন্দিদের রাখার স্থান, জিজ্ঞাসাবাদের কক্ষ, নজরদারি ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। গুমের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলোর বাস্তব চিত্র বোঝার জন্যই এই পরিদর্শন করা হয়েছে বলে জানা গেছে।

২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

rab-2বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১– এই আদেশ দেন। বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

পরে চিফ প্রসিকিউটর গণমাধ্যমকে জানান, ডিজিএফআইয়ের জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) ও র‍্যাবের টিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) সেলের বন্দিশালা পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারপতি ও বিচারকেরা। সে সময় ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) ও ডিফেন্সের লোকসহ অন্যান্য প্রয়োজনীয় লোকজন উপস্থিত থাকতে পারেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জেআইসি ও টিএফআই সেলে গুম করার ঘটনায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিচার চলছে।

আরএনবি/এমআর