Dhaka Mail Logo

জাতীয়

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির চক্রের সন্ধান, যন্ত্রপাতিসহ গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

রাজধানীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেই কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

তারা হলেন—আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।

বৃহস্পতিবার দিবাগত রাতে কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানের সময় ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এ ছাড়া ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল ও যন্ত্রপাতি, পাঁচটি মুঠোফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।

র‍্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজেরাই ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ইয়াবা উৎপাদন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধার করা ইয়াবা, ইয়াবা তৈরির উপকরণ ও যন্ত্রপাতিসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত আলমগীর ওরফে আন্ডে ঢাকার রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় একটি করে মোট তিনটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

এমআইকে/এআর