নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪ লাখ টাকার বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। দুবাই ও কলকাতা থেকে আসা বিভিন্ন ফ্লাইটের যাত্রী এবং যাত্রীবিহীন সন্দেহজনক ব্যাগেজ তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এয়ারপোর্ট এ-শিফটের কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণকালে ১ নম্বর ব্যাগেজ বেল্টে যাত্রীবিহীন তিনটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। পরে সেগুলো তল্লাশি করে Mond ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
একই সময়ে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটে আসা বিভিন্ন যাত্রীর কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়েছে।
এনবিআর জানায়, জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। তবে প্রযোজ্য শুল্ক-কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স (টিটিআই) যোগ করলে এর মোট মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।
এ ছাড়া একই ফ্লাইটে আসা যাত্রী মো. তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৯৯ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পাসপোর্ট যাচাই করে কাস্টমস কর্মকর্তারা দেখতে পান, ওই যাত্রী গত ১০ জুন ২০২৬ তারিখে শুল্ক-কর পরিশোধ ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণালংকার দেশে এনেছিলেন। ব্যাগেজ বিধিমালা, ২০২৫ অনুযায়ী একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আনার সুযোগ না থাকায় নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা এবং শুল্ক-করসহ এর মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
অভিযানে আরও ১২ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে কলকাতা থেকে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ লিটার বিদেশি মদ বা হুইস্কি জব্দ করা হয়। এসব মদের বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা হলেও প্রযোজ্য ৬১০ দশমিক ৩০ শতাংশ শুল্ক-করসহ এর মোট মূল্য প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা জানায়, অভিযানে জব্দ করা বিদেশি সিগারেটের শুল্ক-করসহ মূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা, স্বর্ণালংকারের মূল্য ৩০ লাখ টাকা, নিষিদ্ধ গৌরি ক্রিমের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা এবং বিদেশি মদের মূল্য প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ পণ্যের শুল্ক-করসহ মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা।
এনবিআর জানায়, জব্দ করা পণ্যের বিষয়ে কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালান, শুল্ক-কর ফাঁকি এবং নিষিদ্ধ পণ্য আমদানি প্রতিরোধে কাস্টমস গোয়েন্দার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমআর/এফএ