নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি ও গুণগত মান বাড়াতে প্রকল্প পরিচালকদের সক্ষমতা উন্নয়নের পাশাপাশি একটি আধুনিক প্রকল্প পরিচালক নীতিমালা প্রণয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, দক্ষ ও জবাবদিহিমূলক প্রকল্প ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় ২০২৬–২৭ অর্থবছরের চলমান এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অন্তর্ভুক্ত অননুমোদিত নতুন প্রকল্পসমূহ পর্যালোচনা ও প্রয়োজন অনুযায়ী পুনর্বিন্যাসসংক্রান্ত এক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নয়ন প্রকল্পগুলো নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী প্রকল্প পুনর্বিন্যাস ও সংশোধনের মাধ্যমে সরকারের নির্বাচনী ইশতেহার এবং কর্মপরিকল্পনার প্রতিফলন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনায় দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় ঘটাতে হবে। একই ধরনের প্রকল্পগুলোকে বিষয়ভিত্তিক ক্লাস্টারের আওতায় আনলে পৃথক প্রকল্পের পরিবর্তে সমন্বিত কর্মসূচির ভিত্তিতে মূল্যায়ন, তদারকি ও ফলাফল পরিমাপ সহজ হবে। এতে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পল্লী উন্নয়ন খাতে সরকারি ও বেসরকারি বহু সংস্থা কাজ করছে। তাই অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করতে হবে, যাতে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। গ্রামের মানুষকে মূলধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করতে পারলেই প্রকৃত অর্থে টেকসই উন্নয়ন সম্ভব হবে।
তিনি জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি ও গুণগত মান আরও বাড়াতে প্রকল্প পরিচালক নিয়োগ, তাদের দক্ষতা বৃদ্ধি এবং একটি আধুনিক প্রকল্প পরিচালক নীতিমালা প্রণয়নের বিষয়ে সরকার কাজ করছে। এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে পেশাদারিত্ব, জবাবদিহি ও দক্ষতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগের সদস্য, দুই বিভাগের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবসহ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন এবং অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ/এআর