Dhaka Mail Logo

জাতীয়

সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার। এ লক্ষ্যে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে অগ্রগতির প্রতিবেদন দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব উজ্জ্বল হোসেনের সই করা দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এদিকে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় বেড়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় দাঁড়িয়েছে। এর আগে সংস্থাটির মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ছিল। একই সময়ে চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে পৌঁছেছে, যা সংস্থাটির দাবি অনুযায়ী রেকর্ড।

এ ছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুবের রহমান শামীম। তাঁর নিয়োগের মধ্য দিয়ে ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।

এআর