নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহণ খাতে সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে জাপান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহণ এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগ খাতের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য উনো ইয়োশিমাসাকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সমর্থন দেশের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
মন্ত্রী বলেন, ‘মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা এবং কারিগরি সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান। এ সহযোগিতা দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে নতুন গতি যোগ করবে।’
তিনি আরও বলেন, ‘সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে। একটি সমন্বিত, নিরাপদ, জনবান্ধব ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে জাপানের মতো বিশ্বস্ত উন্নয়ন সহযোগীর অভিজ্ঞতা ও সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
সাক্ষাৎ শেষে মন্ত্রী আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং অবকাঠামো, যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার পরিধি আরও সম্প্রসারিত হবে।’
এম/এএইচ