নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সহজ হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মিরপুর-১৪ এলাকায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিএন কলেজে আয়োজিত ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং তার নেতৃত্বেই বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা তার সহকর্মী হিসেবে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সিটি কর্পোরেশনের সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে।’
শফিকুল ইসলাম খান শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প, সাংস্কৃতিক পরিবেশনা এবং সৃজনশীলতার প্রশংসা করে বলেন, চেষ্টা থাকলে সফলতা অবশ্যই আসে। নেভি কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলো নগরের প্রতিটি ওয়ার্ড ও পাড়ায় ছড়িয়ে দিয়ে নাগরিক সেবার মানোন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ার কাজে কাজে লাগানো হবে।
পুরস্কার বিতরণ শেষে বাংলাদেশ নেভি কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম. ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীর, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ/এমআই