Dhaka Mail Logo

জাতীয়

জাপানে স্বাস্থ্যকর্মী, শ্রমিক ও চালক নেওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa) নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় প্রধানমন্ত্রী জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানি প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাতের তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

তিনি বলেন, এই বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়াদি নিয়ে  আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।

জাপানের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো (Nakayama Rieko), জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (Saida Shinichi) এবং জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর ঊধর্তন কর্মকর্তারা।

pm

বৈঠকে দুই দেশের মধ্যে বানিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং চলমান ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতিসহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে।

উপ প্রেস সচিব বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী  খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বিইউ/এআর