Dhaka Mail Logo

জাতীয়

মাদরাসা সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের প্রতিষ্ঠাকালীন ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শায়েখ আব্দুল হক সভাপতি, শায়েখ নেছার আহমদ আন নাছেরী সিনিয়র সহ-সভাপতি এবং শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী মহাসচিব (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর লালবাগে বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির ঘোষণা দেন সংগঠনের সভাপতি শায়েখ আব্দুল হক।

এ সময় শায়েখ নেছার আহমদ আন নাছেরী, শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, মাওলানা সালমান রহমান, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আমির আহমদ রহমানী, মুফতি তৌহিদুল ইসলাম ও মাওলানা নোমান তাফহিমসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাদরাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। 

তবে সাম্প্রতিক সময়ে মাদরাসা শিক্ষা ও কওমি মাদরাসার স্বকীয়তাকে প্রশ্নবিদ্ধ করার নানা অপচেষ্টা এবং অপপ্রচারের প্রেক্ষাপটে মাদরাসা শিক্ষার মর্যাদা, স্বাধীনতা ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ‘বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ’ নামে জাতীয় সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়েছে।

সংগঠনটি জানায়, দেশের আলেম-ওলামা, মুহতামিম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দ্বীনপ্রেমী মানুষকে সঙ্গে নিয়ে মাদরাসা শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের শান্তিপূর্ণ ও যৌক্তিক প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে মাদরাসা শিক্ষার ইতিবাচক অবদান তুলে ধরা, শিক্ষা-সংক্রান্ত সমস্যা চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানে কাজ করবে সংগঠনটি।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা যোবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা আব্দুর রহমান মৃধা ও মুফতি মাছুম বিল্লাহ মাহমুদী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা সালমান রহমান, অর্থ সম্পাদক হিসেবে মুফতি জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মুফতি ইমরানুল বারী সিরাজী, দফতর সম্পাদক হিসেবে মাওলানা আমির আহমদ রহমানী, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মাওলানা মাকসুদুল হক মাদানী এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে মুফতি তৌহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে একাধিক সহ-সভাপতি, সহ-সম্পাদক এবং ২০ জন নির্বাহী সদস্যকে নিয়ে মোট ৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে দেশের সর্বস্তরের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের এই উদ্যোগ সফল করতে দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এমআর/এআরএম