Dhaka Mail Logo

জাতীয়

গ্লোবাল এআই নেতৃত্বে বাংলাদেশের ভূমিকা জোরদারে কৌশলগত আলোচনা

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম

‘জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও কূটনীতি’-বিষয়ক দ্বিতীয় ভার্চুয়াল টাউনহল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি (আইটিআইটি) অনুবিভাগের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন- মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি (আইটিআইটি) অনুবিভাগের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন। অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকবৃন্দ, শিক্ষাবিদ, শিক্ষা-প্রযুক্তি উদ্ভাবক, বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজ ও ইন্টারনেট গভর্নেন্স সম্প্রদায়ের প্রতিনিধিরা বহু-অংশীজন সংলাপে অংশগ্রহণ করেন।

অধিবেশনের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ফলে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালনকালে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ন্যারেটিভ গঠনে একটি কৌশলগত সুযোগ সৃষ্টি হবে।

দ্বিতীয় ভার্চুয়াল টাউনহল অধিবেশনের কেন্দ্রবিন্দুতে ছিল “জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও কূটনীতির জন্য কৌশলগত কাঠামো” শীর্ষক একটি প্রেজেন্টেশন, যা গত ১৩ জুলাই ২০২৬ তারিখে প্রথম টাউনহলে অনুমোদিত ছয়টি জাতীয় অগ্রাধিকারকে স্থায়ী প্রতিষ্ঠান, অর্থায়ন-ব্যবস্থা ও কূটনৈতিক বয়ানে রূপান্তরের একটি কাঠামোগত রূপরেখা তুলে ধরে। উক্ত প্রেজেন্টেশনে "Bangladesh Artificial Intelligence Observatory" প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়, যা জাতীয় ও বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশাসন সূচক পর্যবেক্ষণ, সরকারি খাতের অ্যালগরিদমিক নিবন্ধীকরণ, ডিজিটাল শ্রম ও অর্থনীতির উপর প্রভাব পর্যবেক্ষণ পরিচালনার দায়িত্ব পালন করবে।

এই আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা নীতির বাস্তবায়নে মিশ্র অর্থায়ন, অংশীদারিত্বমূলক কম্পিউটিং প্ল্যাটফর্ম “এন্টারপ্রাইজ কানেক্ট”, এবং মেধাস্বত্ব থেকে রাজস্ব আহরণের পাশাপাশি, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বকালে গ্লোবাল সাউথের পক্ষে বাংলাদেশের নেতৃত্বকে দিকনির্দেশনা দিতে চারটি কৌশলগত বিষয় প্রস্তাব করেন। এছাড়াও, অংশগ্রহণকারীরা ডিজিটাল বৈষম্যের অবসান, সার্বভৌম বাংলা ভাষা এলএলএম মডেল, নীতিনির্ধারণে তরুণ ও শিশুদের কেবল সুবিধাভোগী নয় বরং সহযোগী হিসেবে অন্তর্ভুক্তি, এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রাতিষ্ঠানিকীকরণের আহ্বান জানান।

উক্ত টাউনহল বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, নিউ ইয়র্কস্থ ও আদ্দিস আবাবাস্থ বাংলাদেশ মিশন এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর প্রতিনিধিদের পাশাপাশি ক্যানভা এডুকেশন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, ডি-রেডি (যুক্তরাজ্য), সিল্করোড ৪.০, বিএনএনআরসি (BNNRC), বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, বাংলাদেশ ইয়ুথ আইজিএফ, বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিডব্লিউআইজিএফ) এবং বাংলাদেশ কিডস ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিকেআইজিএফ)-সহ নাগরিক সমাজ ও ইন্টারনেট গভর্নেন্স সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এসএইচ/এমআই