নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ এএম
আগামী ১২ থেকে ১৫ আগস্ট রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দেশের আবাসন খাতের অন্যতম বৃহৎ আয়োজন ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’।
চার দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট, আবাসন-সংশ্লিষ্ট এবং আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন আবাসন প্রকল্প, ফ্ল্যাট, প্লট, গৃহঋণ সুবিধা এবং বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জানার সুযোগ পাবেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর রিহ্যাব সচিবালয়ে অনুষ্ঠিত রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬-২০২৮)-এর প্রথম সভা শেষে এ তথ্য জানানো হয়।
রিহ্যাব সচিবালয়ের সপ্তম তলার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম।
সভায় তাসনোভা মাহবুব সালাম কমিটির কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার, রিহ্যাবের কার্যক্রমের ইতিবাচক প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি, তথ্যভিত্তিক যোগাযোগ, গুজব প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে কমিটি কাজ করবে।
রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল ও ইতিবাচক গণমাধ্যমের বিকল্প নেই। তিনি রিহ্যাবের কার্যক্রম আরও কার্যকরভাবে জনগণের কাছে তুলে ধরতে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম. ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেন, সদস্য এম. মমিনুল ইসলাম সংগ্রাম, শামিমা আলম, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, শরীফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান চৌধুরী এবং মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সদস্যরা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয়ে মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ সফলভাবে আয়োজন, ব্যাপক প্রচার-প্রচারণা, সংবাদমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয় এবং আবাসন খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
রিহ্যাব জানায়, ১২ থেকে ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য এ মেলায় দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান, আবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং আর্থিক খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। আবাসন খাতে আগ্রহী ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য এটি হবে একসঙ্গে বিভিন্ন প্রকল্প, ফ্ল্যাট, প্লট, গৃহঋণ সুবিধা ও বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জানার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
এমআর/এআরএম