Dhaka Mail Logo

জাতীয়

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই ২০২৬, ১২:১২ পিএম

মালদ্বীপের সরকারের বিশেষ আমন্ত্রণে দেশটির ৬১তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

রোববার (২৬ জুলাই) মালদ্বীপের মালেতে ‘রিপাবলিক স্কয়ারে’ আয়োজিত মূল অনুষ্ঠানে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম।

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই দৃষ্টিঝলক প্যারেডে দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন শাখা মনোজ্ঞ মার্চপাস্ট এবং নৈপুণ্য প্রদর্শন করে, যা মালদ্বীপের সামরিক শৃঙ্খলা, ঐতিহ্য ও জাতীয় গর্বকে তুলে ধরে। 

প্যারেড শেষে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলা একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পুরো আয়োজনটির মহাসমারোহে সমাপ্তি ঘটে জমকালো আতশবাজির মধ্য দিয়ে।

এর আগে একই দিনে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহামেদ মুইজ্জু ঘোষিত ‘ফাইভ মিলিয়ন ট্রিজ প্রজেক্ট’ এর আওতায় মালেতে লোনুজিয়ারাই পার্কে একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন ড. খলিলুর রহমান। চারা রোপণকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মিস ইরুথিশাম আদম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ উপস্থিত ছিলেন।

সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রপতি মুইজ্জুর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। 

এ সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর একটি বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করছে। 

তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের এই উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক উদ্যোগের কথা স্মরণ করে বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের আরাফাতের ময়দানে বিপুলসংখ্যক 'নিম গাছ' রোপণ করেছিলেন, যা আজ সেখানে ‘জিয়া গাছ’ নামে সুপরিচিত।

উল্লেখ্য, মালদ্বীপ সরকারের বিশেষ আমন্ত্রণে দেশটির ৯৬১তম স্বাধীনতা বার্ষিকীর উদযাপনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে বর্তমানে মালদ্বীপ সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এসএইচ/এআরএম