Dhaka Mail Logo

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যান দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে অবৈধ দখল ও অননুমোদিত স্থাপনা থেকে মুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে উদ্যানের ভেতরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে পুরো এলাকা পরিষ্কার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্যানের স্বাভাবিক পরিবেশ ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

রোববার (২৬ জুলাই) দুপুরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে গণপূর্ত অধিদফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।

অভিযানকালে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে থাকা সব অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা সামগ্রী অপসারণ করে পুরো এলাকা পরিষ্কার করা হয়।

অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা, গণপূর্ত অধিদফতরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য, পরিবেশ এবং জনসাধারণের অবাধ ব্যবহার নিশ্চিত করতে ভবিষ্যতেও অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে এ ধরনের যৌথ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ/এএস