Dhaka Mail Logo

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

রোববার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে।’

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

এদিকে আজ রোববার সকাল ১১টায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দফতরে অনানুষ্ঠানিক বৈঠক করেছে কমিশন। বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের সকল আইন পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র। বৈঠকে তফসিল ঘোষণার আগে ও পরের কার্যক্রম ঠিক করতে কমিশন স্পিকারের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। যার জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। যার ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এসব বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক করবে।

এমএইচএইচ/এফএ