Dhaka Mail Logo

লাইফস্টাইল

আসলের ভিড়ে বাজারে বিক্রি হচ্ছে নকল লবঙ্গ, চিনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ০৩:০১ এএম

লবঙ্গ ভেবে বাজার থেকে যেটা কিনে আনছেন, সেটা আদৌ লবঙ্গ তো? নাকি রং মেশানো কাঠের টুকরো? আজকাল বাজারে ভেজালের রমরমা। নকল হলুদ, নকল এলাচের পাশাপাশি বিক্রি হচ্ছে নকল লবঙ্গও। দোকানে কীভাবে চিনবেন, কোনটা আসল আর কোনটা নকল লবঙ্গ? জানুন উপায়

বাজারে এখন সবকিছুতেই মিশছে ভেজাল! দুধ থেকে ঘি, পনির থেকে রসগোল্লা, কিছুই বাদ পড়েনি। মশলাতেও মিশছে ভেজাল। বাজারে সাধারণত দুই ধরনের নকল বা ভেজাল লবঙ্গ পাওয়া যায়। তেল বের করে নেওয়া লবঙ্গ এবং রাসায়নিক রং মাখানো কাঠের টুকরো বা লবঙ্গের ডাল।

আরও পড়ুন: চাট মসলা বানান নিজেই 

কীভাবে বানানো হয় নকল লবঙ্গ?

আসল লবঙ্গ থেকে মেশিনের সাহায্যে সমস্ত এসেনশিয়াল অয়েল বা ওষধি তেল বের করে নেওয়ার পর অবশিষ্ট ছিবড়ে অংশটিকে বাজারে বিক্রি করা হয়, যার না আছে স্বাদ না আছে গন্ধ। অসৎ ব্যবসায়ীরা লবঙ্গের ওজন বাড়াতে এর সঙ্গে লবঙ্গের শুকনা ডালপালা বা কাঠের টুকরো মিশিয়ে দেন। 

নকল লবঙ্গ খেলে কী হয়?

দিনের পর দিন ভেজাল মেশানো লবঙ্গ খেলে পেটে গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম হতে পারে। লবঙ্গে কৃত্রিম রং বা ক্ষতিকর রাসায়নিক মেশানো হলে তা লিভার ও পাকস্থলীর মারাত্মক ক্ষতি করতে পারে। নকল লবঙ্গে আসল লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ না থাকায় এটি ইনফেকশন বা ঠাণ্ডা-কাশি প্রতিরোধ করতে পারে না। 

odm-blog-laung-buying-guide-1787275205523_15048

কীভাবে চিনবেন কোনটা আসল আর কোনটা নকল লবঙ্গ?

পানিতে ডুবিয়ে রাখুন: এক গ্লাস পানিতে ২-৩টি লবঙ্গ ফেলে দিন। আসল লবঙ্গ ভারী হয় এবং এর ভেতরের তেল থাকে। তাই আসল লবঙ্গ পানির নিচে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে বা পুরোপুরি ডুবে যাবে। তেল বের করে নেওয়া নকল লবঙ্গগুলো হালকা হওয়ায় পানির ওপর ভাসবে।

গন্ধ: একটি লবঙ্গ ভেঙে নিন বা হাতে ঘষে নিন। যদি তা থেকে তীব্র, ঝাঁঝালো ও মশলাদার সুগন্ধ বার হয়, তাহলে সেটি খাঁটি। যদি কোনও গন্ধই না বার হয়, তাহলে সেটি ভেজাল। 

রং: খাঁটি লবঙ্গ সাধারণত গাঢ় বাদামি রঙের হয়, আর নকল বা নিম্নমানের লবঙ্গের রং তুলনামূলক হালকা হয়।

এজেড