Dhaka Mail Logo

জাতীয়

সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম জোরদারের নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম

নৌপরিবহন খাতে সেবার মান বৃদ্ধি, রাজস্ব আহরণ সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও দক্ষ করে তুলতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি এবং মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্তৃপক্ষের রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তারা এসব নির্দেশনা দেন। সভার শুরুতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম কর্তৃপক্ষের রাজস্ব আয় বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন। এতে ড্রেজিং কার্যক্রম, নৌপথের নাব্যতা রক্ষা, নদীবন্দর ব্যবস্থাপনা, ইজারা কার্যক্রম, রাজস্ব আহরণ, নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সভায় প্রতিমন্ত্রী ও সচিব কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে কয়েকটি নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে ব্যয়-সাশ্রয়ীভাবে ড্রেজিং পরিচালনা করে গুরুত্বপূর্ণ নৌপথে অগ্রাধিকারভিত্তিতে খনন, নৌপথে বয়া, বাতি, বিকন ও নৌচিহ্ন আরও দৃশ্যমান করতে প্রকল্প গ্রহণ, বন্দর বিভাগের অনিষ্পন্ন ঘাটের ইজারা দ্রুত সম্পন্ন করা, ফোরশোর ও তীরভূমি ব্যবহার ফি যুগোপযোগী করে রাজস্ব বৃদ্ধি, ঘাটসংক্রান্ত দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি, নদীবন্দর এলাকায় পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মালামাল ওঠানামার ব্যবস্থা চালু এবং নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

এ ছাড়া রাজস্ব বৃদ্ধির জন্য সম্ভাবনাময় নতুন খাত চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিআইডব্লিউটিএকে আরও দক্ষ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। একই সঙ্গে রাজস্ব আহরণের নতুন ক্ষেত্র সৃষ্টি এবং বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মো. মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার, প্রতিমন্ত্রীর একান্ত সচিব সেলিম আহমদসহ সংস্থাটির বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিমন্ত্রী ও সচিব আশা প্রকাশ করেন, নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিআইডব্লিউটিএর সেবার মান বৃদ্ধি, রাজস্ব আহরণ সম্প্রসারণ, নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থা আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব হয়ে উঠবে।

টিএই/এআর