নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা, আর সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। দুই প্যাকেজে আবাসনের অবস্থান, মিনার তাঁবু ও অন্যান্য সুবিধায় রয়েছে কিছু পার্থক্য। এছাড়া বেসরকারি মাধ্যমের জন্য সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ২০২৭ সালের সরকারি হজের দুটি প্যাকেজ ঘোষণা করেন। হজযাত্রীরা কোন প্যাকেজে কত খরচে কী সুবিধা পাবেন, তা একনজরে তুলে ধরা হলো।
সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১
এই প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে এক হাজার থেকে এক হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় তাদের তাঁবু থাকবে জোন-২ এ।
এ ছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত এ প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন।
অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড এবং স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজের সুবিধাও নেওয়া যাবে।
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)
এই প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় তাঁবুর অবস্থান হবে জোন-৫ এ।
মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেল যদি হারাম শরিফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি সরকারের বিধান অনুযায়ী হজযাত্রীদের জন্য সালাওয়াত বাসের ব্যবস্থা রাখা হবে।
সরকারি ব্যবস্থাপনায় দুই প্যাকেজেই হজযাত্রীরা নির্ধারিত সেবা পাবেন। তবে আবাসনের অবস্থান, মিনায় তাঁবুর জোন এবং কিছু অতিরিক্ত সুবিধার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। ফলে বাজেট ও প্রয়োজন বিবেচনায় হজযাত্রীরা নিজেদের জন্য উপযোগী প্যাকেজ বেছে নিতে পারবেন।
বেসরকারি ব্যবস্থাপনা
ধর্মমন্ত্রী বলেন, বেসরকারি মাধ্যমের জন্য সাধারণ হজ প্যাকেজ-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে। প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জনের থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও খাবার সরবরাহ করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সালাওয়াত বাসের ব্যবস্থা বাধ্যতামূলক থাকবে।
কমানো হয়েছে বিমান ভাড়া
গত বছরের তুলনায় এবার বিমান ভাড়া কমানো হয়েছে জানিয়ে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি রয়েছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ধর্মমন্ত্রী জানান, শেখ হাসিনা সরকারের সময়ে ২০২৩ সালে হজ ফ্লাইটের বিমানভাড়া প্রায় দুই লাখ টাকা ছিল। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে তা কমিয়ে এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার তা আরও কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এম/এমআর