Dhaka Mail Logo

জাতীয়

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে নিরাপদ স্থানে পৌঁছেছে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে উচ্ছেদকৃত এসব প্রবাসীদের হাসাবিয়া এলাকার একটি স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বরাতে মন্ত্রণালয় জানিয়েছে, তারা পুরো পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের কুয়েত সরকার নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে যে, সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে কুয়েত সরকার সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে হাসাবিয়া এলাকায় অবস্থিত খাদিজা বিনতে জাবের স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে একাধিকবার অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করেছেন। দূতাবাস সূত্রে জানা গেছে, আশ্রয়কেন্দ্রে কুয়েত সরকার খাদ্য, বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় মৌলিক সুবিধার ব্যবস্থা করেছে। এছাড়া, উচ্ছেদকৃত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণে দূতাবাস কুয়েতের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তার জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছে। এ উদ্দেশ্যে দূতাবাস ইতোমধ্যে জরুরি যোগাযোগের নম্বরসহ একটি পৃথক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একই সঙ্গে কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে দেশটির প্রচলিত আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এসএইচ/এমআই