Dhaka Mail Logo

জাতীয়

গাবতলীতে স্পোর্টস কার থামিয়ে ভেতরে মিলল বিদেশি পিস্তল

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম

‎রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় স্পোর্টস কার সিগনাল দিয়ে থামিয়ে ভেতরে তল্লাশী চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় গাড়িতে থাকা একজনকে আটক করা হয়।

‎শনিবার (১৮ জুলাই) সকাল ৬টার পর গাবতলী বাস টার্মিনালে মিরপুর বিভাগের দারুসসালাম জোনের ট্রাফিক পুলিশ তাকে আটক করে।

‎আটককৃতের নাম- সাজ্জাদ হোসেন আশিক।

‎ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (১৮ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলা স্পোর্টস কারকে সিগন্যাল দিয়ে থামান দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়িটি থামার পর চালকের কাছে কাগজপত্র চাইলে তিনি কাগজপত্র দিতে অস্বীকৃতি জানান। 

এমতাবস্থায় চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে গাড়িটি আটক করেন। এরপর স্থানীয়দের সহায়তায় চালকের পাশের আসনে বসা সাজ্জাদ হোসেন আশিককে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তলসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

‎তিনি আরও জানান, পিস্তল ও ম্যাগজিন উদ্ধারের পর চালক গাড়ি নিয়ে কৌশলে পালিয়ে যান। সাজ্জাদ হোসেন আশিককে আটকের পর তাকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

‎একেএস/এএইচ