নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম
রাজধানীর পল্লবীতে অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া বিহারি কলোনির বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় তারা বিহারি কলোনির জলাবদ্ধতার দ্রুত সমাধান না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা পল্লবীর কালশি মোড় অবরোধ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবী থানা থেকে কালশী ফ্লাইওভারে ওঠার মুখে বিহারি কলোনি এলাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয়রা আন্দোলন করলে কালশি এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। তাঁরা যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি কমাতে কাজ করছেন।
এ বিষয়ে মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা পল্লবীর কালশি মোড় অবরোধ করেন। তাদের মূল দাবি জলাবদ্ধতার নিরসন। অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। পুলিশ সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে নিতে কাজ করছেন।
একেএস/এআর