Dhaka Mail Logo

জাতীয়

শাহবাগের ফুটপাতে মিলল ৩ ব্যক্তির মরদেহ

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

‎রাজধানীর শাহবাগ থানা এলাকার ফুটপাতে ভিন্ন ভিন্ন জায়গা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সবাই ভবঘুরে বলে জানা গেছে।

‎রোববার (১২ জুলাই) সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। পৃথক তিন স্থানে তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। বেলা ১১টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ বছর ও অপরজনের বয়স ৫৫ বছর।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে বৃদ্ধাকে হত্যা, টাকা ও স্বর্ণালংকার লুট

রাজধানীতে ‘প্রেমিকা’র ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা নিহত

‎শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা ভবঘুরে। তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

‎ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

‎একেএস/জেবি